শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ । ২২ কার্ত্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভবনের লিফট ফাঁকা জায়গা থেকে লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক »

ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় নির্মাণাধীন হিমেল হাওয়া টাওয়ার থেকে এক গাড়িচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে টাওয়ারের লিফট বসানোর জন্য নির্মিত ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত সুমন মিয়া (৩৫) ত্রিশাল উপজেলার ধারাবাজার (রামপুর) এলাকার মৃত ইয়াকুব আলী সরকার ও রমিছা খাতুনের ছেলে। কর্মসূত্রে ময়মনসিংহ নগরীর আকুয়া গরুর খোয়াড় মোড় এলাকায় থাকতেন। পেশায় প্রাইভেটকার চালক ছিলেন তিনি। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম। প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের স্থানটি ফাঁকা ছিল। ভবনের প্রতিটি তলা থেকে ফাঁকা স্থানটিতে যাওয়া যেত। ফাঁকা স্থানটিতে দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো প্রতিবন্ধকতার ব্যবস্থা করা ছিল না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি লিফটের গর্তে পড়ে গিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সমকালকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্যটি লিখুন
শেয়ার করুন »

মন্তব্য করুন »